চলতি এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে। আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।











