দেশের শীর্ষস্থানীয় প্রাণিসম্পদ ও পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো লিমিটেডের নতুন কারখানা নির্মাণের জন্য সম্পূর্ণ অবৈধভাবে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করার কাজ থামিয়ে দিলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলা ইউএনও সুমাইয়া আক্তার।
বৃহস্পতিবার (৩০ এপৃল) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাহার এগ্র্রোকে পাহাড় কাটাসহ সব ধরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার। তিনি বলেন, নাহার এগ্রো লিমিটেডের পাহাড় কাটা ও ফ্যাক্টরি নির্মাণসহ সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র মতে, নাহার এগ্রো লিমিটেড একটি এক্সকাভেটর ব্যবহার করে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করে নতুন স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কাছে জমির শ্রেণি সংক্রান্ত কাগজপত্র এবং ফ্যাক্টরি স্থাপনের অনুমোদিত নকশা বা প্ল্যানসহ প্রয়োজনীয় দলিলাদি চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
ফলে পাহাড় কাটা, জমি সমতল ও কারখানা নির্মাণসহ নাহার এগ্রো লিমিটেডের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং আগামী ৩ মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ইউএনও কার্যালয়ে উপস্থাপনের জন্য বলা হয়।
এ বিষয়ে জানতে নাহার এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুলের সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি অনীহা প্রকাশ করেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র উপস্থাপন করা হবে।
উল্লেখ্য. নাহার এগ্রো লিমিটেড ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রাণিস¤পদ ও পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান। যার প্রধান কার্যালয় চট্টগ্রামে দক্ষিণ খুলশীর পাহাড়ি এলাকায় অবস্থিত। এটি গ্র্যান্ডপ্যারেন্ট ফার্ম, ব্রিডার ফার্ম, হ্যাচারি, পোল্ট্রি ও ফিশ ফিড এবং ডেইরি পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি ডেইরি আইকন অ্যাওয়ার্ড (২০২১, ২০২২) এবং দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।
নাহার এগ্রো লিমিটেডের প্রধান পণ্য: ডে-ওল্ড চিকস (মুরগির বাচ্চা), পোল্ট্রি ও মাছের খাদ্য, ডেইরি পণ্য। যার অধিকাংশই মীরসরাই উপজেলায় পাহাড় কেটে গড়ে তোলা একাধিক কারখানায় উৎপাদন করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।