চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের বিএসসি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রবিবার (২৬ এপৃল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর এক্সটার্নাল রিভিউ টিমের সঙ্গে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুরকৌশল বিভাগের শিক্ষাক্রম, মান নিয়ন্ত্রণ এবং এক্রেডিটেশন মানদণ্ড পূরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় চুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া ও কম্পট্রোলার জনাব মোঃ শফিকুল ইসলাম।
বিএইটিই-এর প্রতিনিধি দলে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল হাসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ আল মামুন (পিইঞ্জি)।